সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:২৩ পিএম
সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে: ইসি সচিব

ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) কমিশন সভা শেষে এ তথ্য জানান ।

ইসি সচিব বলেন, “সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ৮ এপ্রিল ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।”

আইন অনুযায়ী, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হয়।

এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল ও স্বতন্ত্র সদস্যদের কাছে চিঠি পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের ৩০ কার্যদিবসের মধ্যে দলগুলোকে জোটগতভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। দলগুলো তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

ইসি সূত্র আরও জানায়, বিএনপি নেতৃত্বাধীন জোট ও জামায়াত নেতৃত্বাধীন জোট আগের মতোই একসঙ্গে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, সংসদে নির্বাচিত সাতজন স্বতন্ত্র সদস্যের মধ্যে ছয়জন একটি পৃথক জোট গঠন করেছেন। তবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ কোনো জোটে যোগ দেননি। আইন অনুযায়ী, তারা ব্যক্তিগতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

পিএস

Link copied!