নারীদের এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০১:১২ পিএম
নারীদের এবার এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নত করা। তিনি জানান, যশোরের শার্শার উলাশী খালে পানি এলে প্রায় ৭২ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। একই সঙ্গে রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

সোমবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত।

খাল খনন কর্মসূচি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় এসে দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে শহীদ জিয়ার রেখে যাওয়া খাল খনন কর্মসূচি আবার শুরু করব। ইনশাল্লাহ, আগামী পাঁচ বছরে আমরা সারা দেশে উলাশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের চেষ্টা করব।’

তিনি আরও বলেন, দেশে প্রায় ২০ কোটি মানুষের মধ্যে অর্ধেক নারী। খালেদা জিয়া নারীদের জন্য শিক্ষাব্যবস্থা বিনামূল্যে করার উদ্যোগ নিয়েছিলেন-প্রথমে স্কুল, পরে ইন্টারমিডিয়েট পর্যন্ত। সেই কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে করা হবে। পাশাপাশি যারা ভালো ফল করবে, তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হবে, যাতে তারা আরও উচ্চশিক্ষা অর্জন করতে পারে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মাটি কেটে উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

এসএইচ 

Link copied!