শ্রমিকেরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ০৬:০৮ পিএম
শ্রমিকেরা ভালো থাকলে দেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী 

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শ্রমিক ও কৃষকেরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। সাধারণ খেটে খাওয়া মানুষ ভালো থাকলে তবেই দেশ ভালো থাকবে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মে দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশটি ছিল তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সশরীরে উপস্থিত হওয়া প্রথম কোনো জনসভা। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে উপস্থিত হাজারো নেতাকর্মী ও শ্রমিকের উদ্দেশে তিনি কুশল বিনিময় করেন।

তারেক রহমান বলেন, অতীতে স্বৈরাচারের সময়ে এই নয়াপল্টনে সমাবেশ করতে গেলে আতঙ্কে থাকতে হতো। কখন সরকারের লোকজন হামলা করবে, সেই দুশ্চিন্তা কাজ করত। তবে বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।

কলকারখানা সচল করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর আমরা বন্ধ কলকারখানার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছি। বিগত সময়ে যেসব কলকারখানা বন্ধ হয়েছে, সেগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে। তবে শুধু বন্ধ কারখানা চালু করলেই সব সমস্যার সমাধান হবে না। দেশে লাখ লাখ বেকার শ্রমিক রয়েছে। তাঁদের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে আমরা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত সরকারের আমলে শ্রমিকদের সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। এ কারণেই দেশের মানুষ অভ্যুত্থানের মাধ্যমে তাদের তাড়িয়ে দিয়েছে। তারা দেশের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা ও স্বাস্থ্যব্যবস্থাসহ প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছিল। এভাবে সব শ্রেণি-পেশার মানুষকে আঘাত করার কারণেই ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছে।

সমাবেশে শ্রমিক নেতারাসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

এসএইচ 

Link copied!