মাদক আইনের ফাঁকফোকর ঠেকাতে আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৬, ২০২৬, ০১:১১ পিএম
মাদক আইনের ফাঁকফোকর ঠেকাতে আসছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে মাদকের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী দুই-একদিনের মধ্যে মাদক প্রতিরোধ আইন সংশোধনী জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে। 

শুক্রবার (২৬ জুন) ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

পরিসংখ্যানের এক আশঙ্কাজনক চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক গ্রহণ করে, যা দেশের মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। মাদকের এই আগ্রাসন রুখতে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকার আমলি আদালতের পাশাপাশি প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার পরিকল্পনা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, কেবল আইনের কঠোর প্রয়োগ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এর জন্য যুগপৎভাবে সামাজিকভাবে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে, তবেই মাদকের বিরুদ্ধে এই লড়াই সহজ হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে মাদক কারবারিদের অবৈধ সম্পদের উৎস বন্ধ করতে এবং তাদের আর্থিক মেরুদণ্ড ভেঙে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৯টি মানিলন্ডারিং মামলা দায়ের করেছে। যুবসমাজকে রক্ষায় এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে একযোগে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এসএইচ

Link copied!