সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ১২:৫৭ পিএম
সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

ফাইল ছবি

সরকারি যেকোনো অনুষ্ঠানের প্রচারে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এই সিদ্ধান্ত আজ থেকেই বাস্তবায়নের নির্দেশ দিয়ে সব সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

​পরিপত্রে সরকারি অনুষ্ঠানের প্রচারণার ক্ষেত্রে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

​সরকারি অনুষ্ঠানের প্রচারণায় প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে হবে।

ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে সংশ্লিষ্ট অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু জনসাধারণের কাছে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

​পরিপত্রের অনুলিপিটি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সব সিনিয়র সচিব, সচিব, প্রধান তথ্য কর্মকর্তা এবং সব বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউএনওদের কাছে প্রয়োজনীয় নির্দেশনা ও বাস্তবায়নের জন্য পাঠানো হয়েছে।

এসএইচ 

Link copied!