আওয়ামী লীগ যেন ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৫:১৩ পিএম
আওয়ামী লীগ যেন ফিরতে না পারে সে প্রশ্নে আমরা সবাই এক: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

বাংলাদেশে আওয়ামী লীগ যেন আর ফিরতে না পারে, সে প্রশ্নে দেশের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, জাতীয় সংসদ কিংবা সংসদের বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে বিতর্ক ও মতবিনিময় হতে পারে, তবে আওয়ামী লীগের পুনর্বাসন রোধের বিষয়ে সবাই একমত।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবিধান সংস্কারের বিষয়ে কথা বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সংবিধানে দীর্ঘমেয়াদি সংশোধন আনতে চায়। বারবার যেন এ ধরনের জটিলতার সৃষ্টি না হয়, সে লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি উল্লেখ করেন, সংবিধানের প্রতিটি সংশোধনই মূলত একেকটি সংস্কার, কারণ ‘জুলাই বারবার আসে না’।

জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নেওয়া নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা চলছে। তবে বিএনপি প্রতিযোগিতা করছে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নে। স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে সরকারের দীর্ঘমেয়াদি সংবিধান সংস্কারের লক্ষ্য এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়টি নতুন করে সামনে এল।

এসএইচ 
 

Link copied!