ঢাকা থেকে সৌদিগামী দেড়শর বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৬, ০৪:৩৯ পিএম
ঢাকা থেকে সৌদিগামী দেড়শর বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২২ হাজার যাত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে হুথিদের হামলার পর ঢাকা থেকে এখন পর্যন্ত ১৫৩টি ফ্লাইট বাতিল-স্থগিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ২২ হাজার ৬৩৬ জন যাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

তথ্যানুযায়ী, ঢাকা থেকে এখন পর্যন্ত ৭৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল বা স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল বা স্থগিত সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১৩টি ফ্লাইট রয়েছে।

হামলার ঘটনায় দাম্মাম ও রিয়াদ রুটে ৪ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ইউএস-বাংলা এয়ারলাইন্স ৩১ অক্টোবর পর্যন্ত এই দুই রুটে ফ্লাইট বাতিল ঘোষণা করেছে।

তবে বিমান এবং ইউএস-বাংলার যাত্রীরা জরুরি প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাওয়া এবং বাংলাদেশে ফিরতে পারবেন বলেও এয়ারলাইন্সগুলোর তরফে বলা হয়েছে।

পিএস

Link copied!