ফাইল ছবি
২০২৬ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের জন্য সৌদি আরবে সংরক্ষিত ১০ কোটি টাকার বেশি অর্থ ফেরত এনেছে সরকার। ৩৪০ জন হজযাত্রীর বিপরীতে আটকে থাকা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পাওয়া গেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
রোববার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেইন কায়কোবাদ।
ধর্মমন্ত্রী জানান, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ এ অর্থ সংরক্ষণ করেছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৩১০ জনের বিপরীতে ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল এবং সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জনের বিপরীতে এক লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল রাখা হয়েছিল।
বিষয়টি জানার পর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ হজ অফিস, জেদ্দা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। প্রয়োজনীয় তথ্য যাচাই, কাগজপত্র উপস্থাপন ও আলোচনার মাধ্যমে অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়।
ধর্মমন্ত্রী বলেন, পূর্ববর্তী হজ মৌসুমগুলোতে এ ধরনের অর্থ ফেরত পাওয়ার নজির ছিল না। বাংলাদেশ হজ অফিস, জেদ্দার দায়িত্বশীল ভূমিকা এবং সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয়ের ফলে অর্থ ফেরত পাওয়া সম্ভব হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ হজ অফিস, জেদ্দার ‘নুসুক’ (Nusuk) ব্যবস্থায় সম্পূর্ণ অর্থ জমা হয়েছে।
এ সাফল্যের জন্য সৌদি সরকার, বিশেষ করে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নাগরিকদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করাই সরকারের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী আরও জানান, ২০২৬ সালের হজের উদ্বৃত্ত অর্থ থেকে ৪ হাজার ৩৪১ জন হজযাত্রীকে মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হয়েছে। তাঁদের ব্যাংক হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে।
হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজের বিমানভাড়া ২০২৬ সালের তুলনায় ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৩ সালে এই ভাড়া ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। প্রধানমন্ত্রীর উদ্যোগ ও দিকনির্দেশনায় বিমানভাড়াসহ ২০২৭ সালের হজ প্যাকেজের সামগ্রিক ব্যয় কমানো সম্ভব হয়েছে।
ধর্মমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনায় সরকারের মূল লক্ষ্য হলো হজযাত্রীদের হয়রানি ও অপ্রয়োজনীয় ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং তাঁদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা। এ জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।
ভবিষ্যতেও কোনো বাংলাদেশি হজযাত্রীর আর্থিক স্বার্থ ও ন্যায্য অধিকার যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে জানান ধর্মমন্ত্রী।
এসএইচ