আজ কখন, কোথায় ঈদের জামাত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৫, ২০১৯, ০৬:৫০ এএম
আজ কখন, কোথায় ঈদের জামাত

ঢাকা : পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। তাই আজ পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদ ও ঈদগাহে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

এবার ঢাকায় সাড়ে ৫ শতাধিক স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে এবার অনুষ্ঠিত হচ্ছে ঈদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৫৪টি ওয়ার্ডের প্রতিটিতে পাঁচটি করে মোট ২৭০টি স্থানে ঈদ জামাতের জন্য প্যান্ডেল করার অনুমতি দেয়া হয়েছে। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭টি ওয়ার্ডে পাঁচটি করে মোট ২৮৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে মসজিদ, মাদ্রাসাতেও ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় : রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহীদুযযামান।

ডিএসসিসি ইতোমধ্যে জাতীয় ঈদগাহে লাখো মুসল্লির জন্য ঈদুল ফিতরের নামাজ আদায়ের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এখানে রাষ্ট্রপতি, সংসদের প্রধান হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদ সদস্য, এমপি ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নামাজ আদায় করবেন। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সোমবার (৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসা মুসল্লিরা জায়নামাজ ও ছাতা ছাড়া কোনো কিছু সঙ্গে আনতে পারবেন না। জাতীয় ঈদগাহে প্রবেশ করার আগে প্রত্যেক মুসল্লিকে তিন ধাপে তল্লাশি করা হবে বলে জানান তিনি।

বায়তুল মুকাররমে পাঁচটি জামাত : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রথম ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী ও হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তথা শেষ জামাতে ইমামতি করবেন যথাক্রমে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুশতাক আহমাদ, মুহাদ্দিস মুফতি মাওলানা ওয়ালীয়ূর রহমান খান এবং সহকারী পরিচালক মাওলানা জুবাইর আহাম্মদ আল আযহারী।

সংসদ ভবনের জামাত সকাল ৮টায় : বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সবার জন্য উন্মুক্ত এ জামাতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাবি কেন্দ্রীয় মসজিদে দুটি জামায়াত : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের প্রধান গেট সংলগ্ন মাঠ এবং শহীদুল্লাহ হলের প্রধান গেট সংলগ্ন মাঠে সকাল ৮টায়, বাংলাদেশ জামায়াতে আহলে হাদীসের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় ঢাবি খেলার মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

বুয়েট খেলার মাঠে জামাত পৌনে ৮টায় : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল পৌনে ৮টায় বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ওই জামাত বুয়েট কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

মসজিদ মিশনের কেন্দ্রীয় মসজিদ কাঁটাবনে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতের সময় নির্ধারণ হয়েছে সকাল ৭টায়, দ্বিতীয়টি পৌনে ৮টায় এবং তৃতীয়টি হবে সকাল সাড়ে ৮টায়।

অন্যান্য স্থানে অনুষ্ঠিতব্য ঈদ জামাতের সময় : সায়েদাবাদ চিশতিয়া সাইদিয়া দরবার শরিফ জামে মসজিদে সকাল ৮টায়, নয়াপল্টন জামে মসজিদে (২৬ নয়াপল্টন) সকাল ৮টায়, ইসলামবাগ ঈদগাহ ময়দান (প্রথম জামাত) ও হাজারীবাগ পার্ক মাঠে সকাল ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে যে সব এলাকায় : সায়েদাবাদ আরজুশাহ দরবার শরীফ বড় মসজিদ (প্রথম জামাত), শনিরআখড়া পলাশপুর বায়তুর রহমত জামে মসজিদ (প্রথম জামাত), মানিকনগর পুকুরপাড় জামে মসজিদ, দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসূলবাগ জামে মসজিদ, মিরপুর-১১ নম্বর সেকশনের মসজিদে বায়তুল ফালাহ, মিরপুর-১২ নম্বর সেকশনের হারুন মোল্লা ঈদগাহ পার্ক ও খেলার মাঠ এবং কামরাঙ্গীরচর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে।

উত্তর-পূর্ব মুগদা মদিনাবাগ কেন্দ্রীয় শাহী জামে মসজিদ, হাজারীবাগ ভাগলপুর শাহমস্তান জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল পৌনে ৮টায়।

সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে যে সব এলাকায় : গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দান (প্রথম জামাত), বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ (প্রথম জামাত), লালবাগ শাহী মসজিদ, ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব ময়দান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ, ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, দক্ষিণ যাত্রাবাড়ী মসজিদে নূর ও খানকায়ে মোহাম্মদীয়া (প্রথম জামাত), ইসলামবাগ ঈদগাহ ময়দান (দ্বিতীয় জামাত), নয়াপল্টন জামে মসজিদ, টিকাটুলির ব্রাদার্স ইউনিয়ন খেলার মাঠ, মিরপুর ৯ নম্বর ওয়ার্ড শহীদ বুদ্ধিজীবী ঈদগাহ মাঠ, মোহাম্মদপুর বায়তুল ফালাহ জামে মসজিদ, খিলগাঁও সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (প্রথম জামাত), হাজারীবাগ পার্ক মাঠ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদ, উত্তরা ৫ নম্বর সেক্টর সংলগ্ন ইসলামিক এডুকেশন সোসাইটি মসজিদে।

সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে যে সব এলাকায় : নারিন্দা মুশুরীখোলা শাহ সাহেববাড়ী জামে মসজিদ, ফার্মগেটের বায়তুশ শরফ জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেব বাড়ি মরিয়ম বিবি শাহী মসজিদ (প্রথম জামাত), দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি রসূলবাগ জামে মসজিদ (দ্বিতীয় জামাত), খিলক্ষেত কুর্মিটোলা হাইস্কুল ঈদগাহ (দ্বিতীয় জামাত), মিরপুর বায়তুল ফালাহ মসজিদ (দ্বিতীয় জামাত), মিরপুরের দারুস সালাম ফুরফুরা দরবার শরীফের মারকাজে ইশা’আতে ইসলাম জামে মসজিদ, রূপনগর আরামবাগ ঈদগাহ ময়দান, মিরপুর বঙ্গবন্ধু শিশু উদ্যান, মোহাম্মদপুর শেখেরটেক ৩নং রোডস্থ মসজিদ আত তাকওয়া, বছিলা রোডস্থ হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদ, কামরাঙ্গীচর কেন্দ্রীয় ঈদগাহে দ্বিতীয় জামাত, বসুগাও মীর বাড়ি ঈদগাহ ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

রাজধানীতে ঈদুল ফিতরের সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে চ্যানেল আই জামে মসজিদে দুপুর ১১টা ৩৫ মিনিটে।

সোনালীনিউজ/এমটিআই

Link copied!