২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারে দুদককে আল্টিমেটাম আসিফ মাহমুদের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৬, ১১:৩৯ পিএম
২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহারে দুদককে আল্টিমেটাম আসিফ মাহমুদের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

একইসঙ্গে তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ডিলিট এবং ২৪ ঘণ্টার মধ্যে দুদককে তাদের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ।

বুধবার (০২ সেপ্টেম্বর) এনসিপি কার্যালয়ে দুদকের অভিযোগের ব্যাখ্যা দিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুদকের রিপোর্টের মিল নেই। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ডিলিট না করলে এবং ২৪ ঘণ্টার মধ্যে দুদক তাদের বক্তব্য প্রত্যাখ্যান না করলে মানহানির মামলা করার কথা জানান তিনি।

৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়নের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘আদালতের রায়ের কারণে ৩৮ জনকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে দেওয়া হয়েছে।’

এ সময় তিনি প্রশ্ন তোলেন, দুদক কি আদালতের রায়কে চ্যালেঞ্জ করছে?

১৮২ জন কর্মকর্তার পদোন্নতির বিষয়ে তিনি বলেন, ‘১৮২ জনের পদোন্নতি পিএসসির নিয়ম অনুযায়ী হয়েছে।’

আসিফ মাহমুদের দাবি, যে দুটি ঘটনাকে কেন্দ্র করে দুদকের অভিযোগ এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলো ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে, দুটো ঘটনাই সচিব পর্যায়ে সম্পন্ন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সরকারি দলের দিনের আলোতে করা দুর্নীতি আড়াল করতে আমার বিরুদ্ধে নিউজ করানো হচ্ছে।’

দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, ‘তদন্তকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হতে হবে।’

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ডিলিট না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নিউজ ডিলিট না করলে মানহানির মামলা করব। ২৪ ঘণ্টার মধ্যে দুদক বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি প্রক্রিয়ায় মানহানির মামলা করব।’

দুদকের কার্যক্রম ও সংস্কার নিয়েও কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘বিএনপি এ জন্যই দুদকের সংস্কার মানেনি।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী মত দমনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) পথ থেকে সরে আসুন।’

ব্রিফিংয়ে আসিফ মাহমুদ আরও দাবি করেন, তার বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। একই সঙ্গে অভিযোগ যাচাই ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দুদকের মতো তদন্তকারী সংস্থাকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

তবে আসিফ মাহমুদের এসব বক্তব্য ও অভিযোগ তার নিজস্ব দাবি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

এম

Link copied!