তৃতীয়বার জামায়াতের দায়িত্ব নিলেন ডা. শফিকুর রহমান

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫, ০৭:৪২ পিএম
তৃতীয়বার জামায়াতের দায়িত্ব নিলেন ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত

ঢাকা: তৃতীয়বার বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্ব নিলেন ডা. শফিকুর রহমান। গঠনতন্ত্র অনুযায়ী শপথ গ্রহনের মাধ্যমে দলের দায়িত্ব নিলেন তিনি।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে নতুন কার্যকাল ২০২৬–২০২৮-এর জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আমিরকে শপথ বাক্য পাঠ করান জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।

এতে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। 

এর আগে বৃহস্পতিবার দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কার্যকাল শুরুর অংশ হিসেবে শপথ গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

গত ২ নভেম্বর প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমানের তৃতীয়বারের মতো আমির নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে তিনি ২০১৯ সালের ১২ নভেম্বর প্রথমবার এবং ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয়বার আমির নির্বাচিত হন। দলের ইতিহাসে টানা তিন মেয়াদে আমির হিসেবে দায়িত্ব পালন করা নেতাদের তালিকায় এর আগে ছিলেন কেবল অধ্যাপক গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামী।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৬–২০২৮ কার্যকালের জন্য পুনরায় আমির নির্বাচিত হন ডা. শফিকুর রহমান।

ডা. শফিকুর রহমান ১৯৫৮ সালের ৩১ অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৬ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পিএস

Link copied!