সরকার গঠন করলে নাহিদ ইসলাম মন্ত্রী হবেন, জামায়াত আমিরের ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১২:০৭ পিএম
সরকার গঠন করলে নাহিদ ইসলাম মন্ত্রী হবেন, জামায়াত আমিরের ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে—এমন ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডা এলাকার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে নাহিদ ইসলামের পক্ষে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “১২ তারিখ নির্বাচনে বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। নাহিদদের আমরা বিমানের ককপিটে বসাব, আর জোটের অন্য নেতারা থাকবে পেছনে। জামায়াতের নেতৃত্বাধীন জোট মিথ্যা প্রতিশ্রুতি দেয় না—যা আছে, তা দিয়েই দেশ গড়ার চেষ্টা করবে।”

বক্তব্যে বিএনপিকে লক্ষ্য করে কঠোর সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের দোসরদের লাল কার্ড দেখাবে। বিএনপির হাতে থাকা সব কার্ডই ভুয়া—এই ভুয়া কার্ড জনগণ প্রত্যাখ্যান করবে।”

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “১৯৪৭ ও ১৯৭১ সালে জাতির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। ২০২৪ সালে সাধারণ মানুষের দাবিকে দমন করতে গিয়ে জুলাই–আগস্টে রক্তক্ষয়ী ঘটনা ঘটে। ৫ আগস্ট জাতি আওয়ামী জাহেলিয়াত থেকে মুক্তি পেলেও ৬ আগস্ট থেকে আরেক জুলুমের শিকার হয়েছে।”

তিনি আরও দাবি করেন, “১৭ বছর ধরে পলাতক থাকা ব্যক্তিরা এখন মামলা বাণিজ্যে জড়িয়েছে। এমনকি ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। যারা ৫৯ জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছে, তারা যখন দুর্নীতিবিরোধী কথা বলে, তখন সেটি হাস্যকর হয়ে ওঠে।”

জনসভায় জামায়াত আমিরের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

এম

Link copied!