এই বিজয় গণতন্ত্রের, বাংলাদেশের: বিএনপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ০৫:৩৪ পিএম
এই বিজয় গণতন্ত্রের, বাংলাদেশের: বিএনপি

ছবি : সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাকে ‘গণতন্ত্রের বিজয়’ হিসেবে অভিহিত করেছে বিএনপি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন এমন প্রতিক্রিয়া তুলে ধরেন।

মাহদী আমিন বলেন, “বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল। বিএনপির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের আপামর জনসাধারণের আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি। বিএনপি গণ-মানুষের দল, তৃণমূলের দল।

“বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয়তাবাদের ধারক এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের যে অসাধারণ ভালোবাসা রয়েছে, তারই বহিঃপ্রকাশ এই নির্বাচন, যেখানে আমরা দেখেছি অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়। আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের।”

মাহদী আমীন বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের যে আস্থা, সমর্থন ও ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন, ইনশাআল্লাহ, ভবিষ্যৎ একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন।

“আগামী বাংলাদেশে প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন করবে, সমস্যা সমাধান করবে। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র অটুট রাখবে। এটি আমাদের নেতা সুনিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। ”

বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৯ আসনের মধ্যে ২১৩ টিতে বিজয়ী হয়েছে বিএনপি।

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন নির্বাচনি জোটে থাকা বিজেপি ও গণসংহতি আন্দোলন , গণঅধিকার পরিষদ একটি করে আসন পেয়েছে।

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। ৭টি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। ইসলামী আন্দোলন, বাংলাদেশ একটি আসনে বিজয়ী হয়েছে।

পিএস

Link copied!