ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৩:১৫ পিএম
ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ঢাকার ধানমন্ডিতে ঝটিকা মিছিল করার সময় মহিলা আওয়ামী লীগের সাত নেত্রী ও তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোঁরার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, ভোরবেলা ২০ থেকে ২৫ জন নারী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে একটি মিছিল বের করেন। তারা বিভিন্ন স্লোগান দিতে দিতে ২ নম্বর সড়ক থেকে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

পুলিশের দাবি, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় অংশগ্রহণকারী নারীরা পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। তাদের বহনকারী একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এসএইচ 

Link copied!