জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান সরকারের কর্মকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়কার শাসনব্যবস্থার মতো প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল ময়দানে আয়োজিত ফরিদপুর বিভাগীয় National Citizen Party (এনসিপি)–র ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—বিচার বিভাগ, প্রশাসন ও পুলিশ—দলীয়করণের অভিযোগ উঠেছিল। একই ধরনের প্রবণতা বর্তমান সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ, ৭ মার্চ বা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে যদি ‘ফ্যাসিস্টদের’ পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে এনসিপি ও তাদের জোটভুক্ত ১১ দল তা কোনোভাবেই মেনে নেবে না।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এ বিষয়ে কোনো বিচ্যুতি হলে তাদের জোটকে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি দাবি করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত সংস্কার বাস্তবায়ন। কিন্তু সরকারি দল তাদের দেওয়া শপথ ও প্রতিশ্রুতির সঙ্গে বেঈমানি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বৈধতা নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। আদালতে বিষয়টি নিয়ে যাওয়ার পাশাপাশি সরকারপন্থী আইনজীবীরা আদালতের ওপর চাপ সৃষ্টি করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যম পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ইলিয়াস মোল্লা এবংবাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াবসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নেতাকর্মীরা অংশ নেন।
এম
আপনার মতামত লিখুন :