ইরান যুদ্ধে ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২৬, ০৮:৩১ পিএম
ইরান যুদ্ধে ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে গত এক মাসে ৩৯টি যুদ্ধবিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনের বরাতে মঙ্গলবার সিনেটের একটি বিশেষ কমিটির শুনানিতে এই তথ্য জানান ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস। একই সঙ্গে যুদ্ধে মার্কিন ব্যয় এবং অস্ত্রের মজুত ফুরিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদ সংস্থা ‘দ্য ওয়ার জোন’-এর প্রতিবেদনের বরাত দিয়ে সিনেটর এড কেস জানান, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এতে ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হওয়া বিমানের তালিকায় একটি ‘এফ-৩৫এ লাইটনিং ২’ এবং একটি ‘বোয়িং ই-৩ সেন্ট্রি’ বিমান রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে পেন্টাগনের কর্মকর্তারা জনসমক্ষে এই ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত করেননি।

পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জে হার্স্ট শুনানিতে জানান, ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরাসরি ব্যয় ২৯ বিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৫৫ হাজার ৯৭৭ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। গত এক মাসেই এই খরচ বেড়েছে ৪ বিলিয়ন ডলার। হার্স্ট স্পষ্ট করেন, এই হিসাব কেবল গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের ক্ষেত্রে প্রযোজ্য; এতে সামরিক ঘাঁটির ক্ষতি বা যুদ্ধের আগের প্রস্তুতিমূলক খরচ অন্তর্ভুক্ত করা হয়নি।

এদিকে ‘ইরান ওয়ার কস্ট ট্র্যাকার’ নামক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ বুধবার (১৩ মে, ২০২৬) পর্যন্ত এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয়ের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। সংস্থাটি বলছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে ১১ হাজার ৫৭৪ ডলার এবং প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ১ বিলিয়ন ডলার।

নিউইয়র্ক টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের শত শত কোটি ডলার মূল্যের আধুনিক অস্ত্রের বড় একটি অংশ নিঃশেষ করে ফেলেছে। এর মধ্যে ১ হাজার ২০০টির বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে, যার প্রতিটির মূল্য ৪০ লক্ষ ডলারের বেশি।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, চীনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য নির্মিত ১ হাজার ১০০টি দূরপাল্লার স্টেলথ ক্রুজ মিসাইলও এই যুদ্ধে ব্যবহার করে ফেলেছে ওয়াশিংটন, যা তাদের মোট মজুতের প্রায় সমান। এ ছাড়া ১ হাজারেরও বেশি এটিএসিএমএস স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।

বিশ্লেষকদের মতে, বর্তমানে ৩ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ের কথা বলা হলেও, ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুত পুনরায় পূর্ণ করতে যুক্তরাষ্ট্রের মোট খরচ ২০০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই বিশাল খরচের মধ্যেও যুদ্ধক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব এবং সেনাদের চিকিৎসা ব্যয়ের হিসাব এখনো অজানাই রয়ে গেছে। সূত্র: আনাদোলু, নিউইয়র্ক টাইমস।

এসএইচ 

Link copied!