হামলায় আইনমন্ত্রী ও রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৫:২৬ পিএম
হামলায় আইনমন্ত্রী ও রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ফাইল ছবি

ঢাকা:  ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার পর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, তার ওপর হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে।

শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়।

তিনি বলেন, তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়। 

হামলায় আইনমন্ত্রী আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক আবদুল মজিদ এবং নব্য বিএনপি কর্মী রাশেদ খানের সম্পৃক্ততা রয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়। 

ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।

এর আগে এদিন জুমার নামাজের পর জেলা কালেক্টর মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে।

পিএস

Link copied!