দুর্নীতি ও দলীয়করণের পুরোনো নীতিতেই চলছে সরকার: জামায়াত আমির

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬, ০৫:০৮ পিএম
দুর্নীতি ও দলীয়করণের পুরোনো নীতিতেই চলছে সরকার: জামায়াত আমির

ছবি: সংগৃহীত

জনগণের অধিকার ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত জুলাইয়ের আন্দোলন শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, নতুন সরকার গঠনের পরও পুরোনো ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি; বরং দুর্নীতি ও দলীয়করণ আগের নীতিতেই বহাল রয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাজধানীতে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয়নি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সেই প্রেক্ষাপটে জুলাইয়ে ছাত্র-জনতা রাজপথে নেমে এসে গণঅভ্যুত্থান ঘটায়। কিন্তু বিদ্যমান অন্তর্বর্তী সরকার বা বর্তমান ব্যবস্থার মধ্যেও সেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

জাতীয় সংস্কারের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর একটি চার্টার তৈরি করা হয়েছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ ও নির্বাচন কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় কর্তৃত্বমুক্ত রাখতে নির্দলীয় কমিশনের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু নির্বাচন ও সরকার গঠনের পর সরকারি দল নিজেদের স্বার্থে সেই অবস্থান থেকে সরে এসেছে। সংসদে সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

আন্দোলনের পটভূমি স্মরণ করিয়ে দিয়ে ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, এত মানুষের আত্মত্যাগ কি শুধু একটি দলকে সরিয়ে একই ধরনের আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য হয়েছিল? তিনি স্পষ্ট জানান, সংসদের ভেতরে ন্যায়বিচার না পাওয়ায় এখন জনগণের অধিকার আদায়ে রাজপথে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রদর্শনীর উদ্দেশ্য তুলে ধরে তিনি জানান, এটি কোনো সরকারের সফলতা দেখানোর জন্য নয়, বরং স্বৈরাচারী শাসনে জনগণের ওপর চলা নির্যাতনের চিত্র তুলে ধরা এবং শহীদ পরিবারের প্রত্যাশা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। জনগণের অভিপ্রায়ই সবচেয়ে বড় আইন উল্লেখ করে তিনি বলেন, যেদিন মানুষের সব অধিকার নিশ্চিত হবে এবং আন্দোলনের প্রকৃত আকাঙ্ক্ষা পূরণ হবে, সেদিনই জুলাইয়ের সার্থক পরিসমাপ্তি ঘটবে।

এসএইচ 

Link copied!