ফাইল ছবি
রাজধানীর উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার চার্জশিটভুক্ত আসামি হিসেবে এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগ।
পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ক্লাবের পাশে সংঘটিত একটি অপহরণের ঘটনায় বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করা হয়েছিল। সেই মামলায় তদন্ত শেষে পুলিশ আদালতে যে চার্জশিট জমা দেয়, তাতে শাহীনুজ্জামানের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসন থেকে 'কাঁচি' প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া এই নেতার উত্তরায় নিজস্ব ব্যবসা রয়েছে। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, নিজের বিরুদ্ধে এমন একটি মামলা ও চার্জশিট হওয়ার খবর তিনি আগে থেকে জানতেন না।
পুলিশ কর্মকর্তা মির্জা তারেক আহমেদ বেগ জানান, বর্তমানে শাহীনুজ্জামানকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে অন্য কোনো থানায় আরও মামলা বা অভিযোগ রয়েছে কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
এসএইচ