স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৭:৫৩ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করে গণবিক্ষোভের ডাক

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থতা এবং জ্বালানি খাতে কোনো কার্যকর পদক্ষেপ নিতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আগামী ৩০ অক্টোবর দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনসিপি আয়োজিত সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এসব দাবি তুলে ধরেন।

নাহিদ ইসলাম বলেন, গত সাত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তিনি কেবল সংবিধান কাটাছেঁড়া নিয়ে ব্যস্ত, যাতে অগণতান্ত্রিক কায়দায় জনগণের অধিকার হরণ করা যায়। ফলে পদে থাকার কোনো নৈতিক অধিকার তাঁর নেই।

জ্বালানিমন্ত্রীর কঠোর সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাত মাসে জ্বালানি সংকটের সমাধানে সরকার কোনো ইতিবাচক উদ্যোগ নিতে পারেনি। দফায় দফায় তেলের দাম বাড়িয়ে আন্তর্জাতিক বাজারের অজুহাত দেওয়া হলেও এই পরিস্থিতি সামলানোর কোনো সুষ্ঠু পরিকল্পনা সরকারের কাছে নেই।

কারওয়ান বাজার থেকে কর্মসূচি শুরু করার কারণ ব্যাখ্যা করে তিনি জানান, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সেখানকার ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ এক বড় উদাহরণ। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, জ্বালানি সংকট ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের কারণে সাধারণ মানুষ চরম অসহায় বোধ করছে।

এই গণবিরোধী ও অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম জানান, ঢাকা থেকে শুরু করে সারা দেশে ধারাবাহিকভাবে এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এসএইচ 

Link copied!