ডিসেম্বর ঘিরে কী হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:০৮ পিএম
ডিসেম্বর ঘিরে কী হচ্ছে বাংলাদেশ সীমান্ত এলাকায়?

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কেউ দেশে প্রবেশ করলে সে বিষয়ে তথ্য দেওয়া নাগরিকদের পুরস্কৃত করার পাশাপাশি তাদের পরিচয় গোপন রাখার ঘোষণাও দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ভাষ্যমতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন এবং আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গোপালগঞ্জে টানা দুই দিনের বিক্ষোভ ও সহিংসতার পর সেখানকার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সরিয়ে দিয়েছে সরকার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার সীমান্ত পেরিয়ে ভারত থেকে দেশে ফিরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে খবর প্রকাশ পায়। এরপরই সীমান্ত এলাকাগুলোতে বিজিবির সাথে সমন্বয় করে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

কর্মকর্তারা আশঙ্কা করছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী ডিসেম্বরে বা তার আগে দেশে ফেরার চেষ্টা করতে পারেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যশোর ও সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশের আশঙ্কা করছে বিজিবি।

এ বিষয়ে যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিবিসি বাংলাকে জানান, দেশের বাইরে থেকে ইন্ধন জুগিয়ে গোপালগঞ্জে নাশকতা ও সরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অতিরিক্ত চেকপোস্ট, বিশেষ টহল এবং রোড ব্লকের পাশাপাশি নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও ঝুঁকিপূর্ণ এলাকায় সার্চলাইট ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, যেকোনো ব্যক্তির জন্যই অবৈধভাবে সীমান্ত পারাপার আইনত দণ্ডনীয় এবং তা কোনোভাবেই অনুমোদন করা হবে না।

অন্যদিকে, ৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, বৈধ পাসপোর্টধারী যাত্রীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেলের মাধ্যমে যাতায়াত করতে পারলেও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণত অবৈধ প্রবেশকারীদের আটকের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ডিসেম্বর মাসে বিজয় দিবস ও বড়দিনসহ নানা আয়োজন এবং সম্ভাব্য অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ বাহিনীও। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। নিষিদ্ধ সংগঠন বা কার্যক্রম নিষিদ্ধ দল কোনো ধরনের নাশকতা বা অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালালে তা কঠোরভাবে দমন করা হবে বলে তিনি উল্লেখ করেন। তথ্য সূত্র: বিবিসি বাংলা

এসএইচ 

Link copied!