বিআরটি প্রকল্পে হাজার কোটি টাকা অপচয়ের বিচার চাইল জেডিপি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ০৫:৫১ পিএম
বিআরটি প্রকল্পে হাজার কোটি টাকা অপচয়ের বিচার চাইল জেডিপি

ছবি: সংগৃহীত

গাজীপুর-এয়ারপোর্ট বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে সরকারি অর্থের অপচয়, দুর্নীতি, অব্যবস্থাপনা ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবিতে বিক্ষোভ সভা করেছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) ঢাকা মহানগর উত্তর।

সভায় বক্তারা বলেন, ২ হাজার ৩৮ কোটি টাকা প্রাথমিক ব্যয়ে শুরু হওয়া বিআরটি প্রকল্পের ব্যয় পরে বেড়ে দাঁড়ায় ৪ হাজার ২৬৮ কোটি টাকায়। ইতিমধ্যে ব্যয় হয়েছে প্রায় ২ হাজার ৮১১ কোটি টাকা। দীর্ঘ ১৪ বছরেও কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের ১৮ অক্টোবর প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বক্তাদের দাবি, জনগণের হাজার হাজার কোটি টাকা অপচয়ের দায় সংশ্লিষ্ট মন্ত্রী, আমলা ও ঠিকাদারদের নিতে হবে এবং তাঁদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সভার প্রধান অতিথি জেডিপির কেন্দ্রীয় প্রধান সংগঠক মো. আহসান উল্লাহ বলেন, সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস আওয়ামী রাজনীতির চরিত্র। আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছে, তখনই দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বিআরটি প্রকল্পের দুর্নীতিতে জড়িত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মো. আহসান উল্লাহ আরও বলেন, চব্বিশ-পরবর্তী সময়ে বিএনপি, জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করে যে প্রতারণা করেছে, বাংলাদেশের জনগণ আজ নিজেদের জীবন দিয়ে তার মাশুল দিচ্ছে। আওয়ামী লীগের জঙ্গিপনা রুখে দিতে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে এবং তারা অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি করার চেষ্টা করলে জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি তা প্রতিহত করবে বলে মন্তব্য করেন তিনি।

বিক্ষোভ সভায় জেডিপি ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব প্রকৌশলী মাহাতাব হোসেন সাবির বলেন, ২০১২ সালের ডিসেম্বরে চার বছর মেয়াদি এই প্রকল্প শুরু হলেও ১৪ বছরেও তা বাস্তবায়িত হয়নি। ত্রুটিপূর্ণ নকশা ও অপরিকল্পিত বাস্তবায়নের কারণে গত অক্টোবরে প্রকল্পটি বাতিল করা হয়। একটি বাসও চালু না হওয়ায় রাষ্ট্রের আয় শূন্য, অথচ ব্যয় হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। এখন অবকাঠামো অপসারণেই আরও ৪৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

প্রকৌশলী মাহাতাব হোসেন সাবির এই প্রকল্পের অনিয়ম ও অর্থ অপচয়ের সঙ্গে জড়িত সাবেক মন্ত্রী, আমলা ও ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানান। পাশাপাশি প্রশাসনের ভেতরে দলীয়করণ দূর করে গাজীপুর-উত্তরা-বিমানবন্দর মহাসড়কে দ্রুত কার্যকর ও টেকসই যানজট নিরসনব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

সভায় জেডিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সুমন বলেন, বিআরটি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রায় ৩ হাজার কোটি টাকা কোথায় গেল, তা খতিয়ে দেখে সংশ্লিষ্ট সব আমলাকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি। আমলাদের বিচারের আওতায় না আনলে বিএনপিও একই পরিণতির মুখোমুখি হবে বলে সতর্ক করেন তিনি।

অন্যান্য বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটলেও প্রশাসনিক কাঠামো, বিভিন্ন প্রতিষ্ঠান ও বুদ্ধিবৃত্তিক পরিসরে তাদের প্রভাব এখনো রয়ে গেছে। আমলাতন্ত্রের ভেতরে সুবিধাবাদী সংস্কৃতির অবসান না ঘটলে রাষ্ট্রীয় দুর্নীতি ও জবাবদিহিহীনতা বন্ধ হবে না বলে তাঁরা মনে করেন।

একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের দুর্নীতি ও রাজনৈতিক অপরাধকে আড়াল করে স্বাভাবিকীকরণের চেষ্টার প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান তাঁরা।

বিক্ষোভ সভায় আরও বক্তব্য দেন জেডিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্যসচিব ডা. মো. শিহাব উদ্দীন আহমদ, সোহরাব আলী ও অর্থ সম্পাদক এম এইচ আল-আমিনসহ অন্য নেতা-কর্মীরা।

এসএইচ 

Link copied!