ছবি: এআই তৈরি
সংযুক্ত আরব আমিরাতে অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে হঠাৎ করে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল করা হয়েছে। চলতি বছরের জুলাই থেকে নানা ইস্যুতে ভিসা বাতিলের ঘটনা ঘটছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এর ফলে চরম অনিশ্চয়তায় পড়েছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে কর্মরত ও ছুটিতে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, প্রতিনিয়ত ভিসা বাতিলের সংখ্যা বাড়ছে এবং তা ইতিমধ্যে ৪ হাজার ৮০০-তে পৌঁছেছে। দ্বিপক্ষীয় সম্পর্কের জায়গায় হঠাৎ করে এভাবে ঢালাওভাবে ভিসা বাতিলের কারণ জানতে চেয়েছে ঢাকা। পাশাপাশি সিদ্ধান্তটি পুনর্বিবেচনা ও বাতিলের ঘটনাগুলো পুনরায় যাচাই-বাছাই করার জন্য আমিরাত সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
জুলাই থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ভিসা বাতিল হওয়ার বার্তা সংশ্লিষ্ট প্রবাসীর ই-মেইল, মোবাইল ফোন কিংবা তাদের কফিলদের (নিয়োগকর্তা) কাছে পাঠানো হচ্ছে। ফলে ছুটিতে দেশে এসে অনেকে আর সেখানে ফিরতে পারছেন না। অনেক ভুক্তভোগী প্রবাসী জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনি জটিলতা না থাকা সত্ত্বেও ভিসা বাতিল হয়েছে, যা তাদের ব্যবসা, পরিবার ও জীবিকাকে চরম হুমকিতে ফেলেছে।
পরিস্থিতি মোকাবেলায় এবং প্রভাবিত প্রবাসীদের সার্বিক তথ্য সংগ্রহের জন্য আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে। ভিসা বাতিল হওয়া প্রবাসীদের বিস্তারিত তথ্য দূতাবাসের নির্ধারিত ই-মেইলে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, সংকট নিরসনে এবং আমিরাতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক রাখতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা জরুরি।
এসএইচ