সৌদি পৌঁছেছেন ৬৩ হাজার বাংলাদেশি হজযাত্রী, ১৭ জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০১:১৫ পিএম
সৌদি পৌঁছেছেন ৬৩ হাজার বাংলাদেশি হজযাত্রী, ১৭ জনের মৃত্যু

ফাইল ছবি

ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬৭০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ১৬৪টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। 

সোমবার (১৮ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে।

সোমবার (১৮ মে) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ৬৭০ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪৯ জন, সৌদি এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২২ হাজার ৩৬৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 

এদিকে চলতি বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৫ জন নারী। 

আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিল। প্রবাসে দেশের এই নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ তদারকি করছে বাংলাদেশ হজ মিশন।

পিএস

Link copied!