ফাইল ছবি
ঢাকা: আজ পবিত্র জুমার দিন। সফর মাসের দ্বিতীয় জুমায় মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন সৌদি আরবের দুই প্রখ্যাত আলেম ও কারি।
আজ (২৪ জুলাই) মক্কার মসজিদে হারামে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ড. বানদার বালিলাহ। তিনি প্রায় এক দশক ধরে মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
শায়খ বানদার বালিলাহ ১৯৭৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইন বিষয়ে স্নাতক এবং ইসলামি ফিকহে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০০৮ সালে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
২০১৩ সালে তিনি মসজিদে হারামের ইমাম হিসেবে নিয়োগ পান। এর আগে মক্কার বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজ মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ কারি আব্দুল মুহসিন ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান আল-কাসিম।
তিনি ১৯৬৭ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। বর্তমানে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মদিনার শরিয়া আদালতের বিচারক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
শায়খ আল-কাসিম ইমাম মুহাম্মাদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৮৯ সালে তুলনামূলক ফিকহে স্নাতকোত্তর এবং ১৯৯২ সালে ইসলামি ফিকহে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
সু-মধুর কোরআন তেলাওয়াতের জন্য তিনি মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত জনপ্রিয়।
পিএস