ফাইল ছবি
ঢাকা: পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৪টি ফ্লাইটে মোট ৭৫ হাজার ৫৮২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বৃহস্পতিবার (২১ মে) প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, এবারের হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী। মৃত্যুর ঘটনাগুলোর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেন।
ফ্লাইট পরিচালনার তথ্যে বলা হয়েছে, এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪৬০ জন, সৌদি এয়ারলাইন্স ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ ফ্লাইট চলবে ২১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং তা শেষ হবে ৩০ জুন।
পিএস
আপনার মতামত লিখুন :