আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নামবে রাতের অন্ধকার

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ৮, ২০২৬, ০৯:৫৬ এএম
আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নামবে রাতের অন্ধকার

মহাকাশপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর, আগামী ১২ আগস্ট প্রকৃতিতে ঘটতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য—পূর্ণ সূর্যগ্রহণ। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর ঠিক মাঝখানে এসে দাঁড়াবে, তখন কিছুক্ষণের জন্য সূর্যের আলো পুরোপুরি ঢাকা পড়ে যাবে। ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে ভরদুপুরেই নেমে আসবে রাতের নিকষ অন্ধকার।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এবারের সূর্যগ্রহণটি সবচেয়ে চমৎকারভাবে উপভোগ করা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগাল থেকে।

ইউরোপ মহাদেশের জন্য এই সূর্যগ্রহণটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ইউরোপের মূল ভূখণ্ড থেকে সর্বশেষ পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০০৬ সালে। তবে স্পেনের জন্য এটি আরও বেশি ঐতিহাসিক। কারণ, স্পেনের মূল ভূখণ্ডে শেষবার এমন পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছিল আজ থেকে ১২১ বছর আগে, অর্থাৎ ১৯০৫ সালে! ফলে এই গ্রহণকে কেন্দ্র করে দেশটির বিজ্ঞানপাড়া ও সাধারণ মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

এই গ্রহণের পূর্ণ ছায়াপথটি প্রায় ৮,৩০০ কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে বিস্তৃত থাকবে। এটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে উত্তর মেরুর পাশ দিয়ে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, পর্তুগাল ও স্পেনের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাবে।


গ্রিনল্যান্ডের দর্শকরা সবচেয়ে দীর্ঘ সময়—প্রায় দুই মিনিটেরও বেশি সময় ধরে পূর্ণ সূর্যগ্রহণ উপভোগ করতে পারবেন স্পেনের উত্তরাঞ্চলে এই অন্ধকারের স্থায়িত্ব হবে বেশ কম, মাত্র ২০ সেকেন্ডের কাছাকাছি।

আবহাওয়া অনুকূলে থাকলে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। তবে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে, তাই বিশেষ সোলার ফিল্টার বা চশমা ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা।

আংশিক গ্রহণ যেখানে দেখা যাবে

পূর্ণ সূর্যগ্রহণের মূল পথের বাইরে থাকা ইউরোপের বাকি অংশ, আফ্রিকা এবং উত্তর আমেরিকার এক বিশাল বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আংশিক সূর্যগ্রহণ (Partial Solar Eclipse) দেখা যাবে। এসব এলাকায় সূর্যের একটি বড় অংশ চাঁদের আড়ালে ঢাকা থাকবে, তবে পুরোপুরি অন্ধকার হবে না।

পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ কবে?

নাসার তথ্য অনুযায়ী, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ২ আগস্ট। সেটি দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেন থেকে দেখা যাবে।

যুক্তরাষ্ট্রে আবার পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩৩ সালে, তবে সেটি কেবল আলাস্কা থেকে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। দেশটির মূল ভূখণ্ডে পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৪৪ সালে।

এম

Link copied!