ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যা বইয়ে দিয়েছে সুইডেন। 'এফ' গ্রুপের ম্যাচে তিউনিশিয়াকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দুর্দান্ত শুভসূচনা করেছে ভিক্টর ইয়োকেরেসের দল। সুইডিশদের এই দাপুটে জয়ের মূল নায়ক ২২ বছর বয়সী তরুণ ফুটবলার ইয়াসিন আয়ারি, যিনি একাই করেছেন জোড়া গোল।
সোমবার (১৫ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হয়। পুরো ম্যাচ জুড়েই ছিল সুইডেনের আক্রমণভাগের একচেটিয়া আধিপত্য।
ম্যাচের শুরু থেকেই তিউনিশিয়াকে চেপে ধরে সুইডেন। মাত্র ৭ মিনিটেই বক্সের বাইরে থেকে এক চোখধাঁধানো শটে দলকে এগিয়ে নেন আয়ারি। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই ৩০ মিনিটে সুইডেনের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্দার ইসাক।
তবে প্রথমার্ধের শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তিউনিশিয়া। ৪৩ মিনিটে ওমার রেকিক একটি গোল শোধ করলে ম্যাচটি জমে ওঠার ইঙ্গিত দেয়। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।
বিরতির পর তিউনিশিয়াকে আর কোনো পাত্তাই দেয়নি সুইডেন। ৫৯ মিনিটে তিউনিশিয়ার গোলরক্ষক শামাখের মারাত্মক ভুলের সুযোগ লুফে নেন আর্সেনালের ফরোয়ার্ড। গোল করে দলের লিড ৩-১ করেন ভিক্টর ইয়োকেরেস।
ম্যাচের শেষদিকে তিউনিশিয়ার রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দলের চতুর্থ গোলটি করেন মাটিয়াস সভানবার্গ। আর ম্যাচের একদম শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করে তিউনিশিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন ম্যাচসেরা ইয়াসিন আয়ারি।
এম
আপনার মতামত লিখুন :