ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৫:২৪ পিএম
ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা: রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন ভারত আবারও সাফের ফাইনালে উঠেছে। ভুটানকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকালে পল্টনের জাতীয় স্টেডিয়ামে ভারত-ভুটানের মধ্যকার সেমিফাইনালের খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় এবার ভুটানকে হারিয়ে ১৪তমবার সাফের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত। ২০১৮ সালের আসরেই কেবল ফাইনাল খেলতে পারেনি ভারত।

প্রথমবারের মতো ফাইনাল খেলতে মুখিয়ে থাকা ভুটানের বিপক্ষে ভারতের শুরুটা হয় দারুণ। অষ্টম মিনিটেই এগিয়ে যায় তারা। লুঙ্গদিমের ফ্রি ফিকে প্রথম স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেন বিষ্ণু পুথিয়াল। এরপর একজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।

২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় ভারত। কর্নারের পর বক্সের জটলার ভেতর থেকে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন কনশ্যাম সিং। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শিরোপাধারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমায় ভুটান। ৪৮তম মিনিটে অধিনায়ক চেনচো গাইয়েলতসেনের পাসে হেডে লক্ষ্যভেদ করেন কিনজ্যাং তাশি টবডেন। এই গোলের সময় ওঠে অফসাইডের পতাকা। কিন্তু ভিএআর চেকে দেখা যায় অফসাইড হয়নি। টিকে যায় গোল।

ভারত-ভুটান প্রথম সেমি-ফাইনাল দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রথম ভিএআর ব্যবহার করা হচ্ছে। ৬৫ মিনিটে ডি বক্সে হ্যান্ডবলের কারণে ভারতকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু ভিএআর চেকে দেখা যায় হ্যান্ডবল হয়নি। ফলে পেনাল্টির সিদ্ধান্তও বদলায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচ অতিরিক্ত সময়ে টেনে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু সতীর্থের ক্রসে দেইচং দর্জির হেড পাসে দূরের পোস্টে ফাঁকায় থাকা কিমজ্যাং তেনজিং হেড করতে ব্যর্থ হন। এমন সুযোগ নষ্টের হতাশা ফুটে ওঠে ভুটানের খেলোয়াড়দের চোখে-মুখে। এর একটু পরই বাজে শেষের বাঁশি।

পিএস

Link copied!