ঢাকা: গুঞ্জন উঠেছিল বিশ্বকাপজয়ী লিওনেল মেসির আর্জেন্টিনাকে বাংলাদেশে আনবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেটি আর গুঞ্জনে সীমাবদ্ধ থাকেনি। হঠাৎ বাফুফে থেকে ঘোষণা দেওয়া হয়, শতকোটি টাকা খরচ করে চলতি বছরের জুনে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনবে বাফুফে।
এ যেন ‘খাজনার চেয়েও বাজনা বেশি’। বাফুফে প্রেসিডেন্ট প্রায় সময় গণমাধ্যমে বলেছেন, আর্থিক সংকটের কারণে ফুটবলের উন্নতি করতে পারছে না তারা। সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাহ্উদ্দীন জানিয়েছিলেন, অবস্থা এমন নিজের পকেট থেকে বাফুফের খরচ চালাতে হচ্ছে।
সেখানে কি না ন্যূনতম ১০০ কোটি টাকা খরচ করে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশ ফুটবলে জাগরণ সৃষ্টি করাই নাকি মূল লক্ষ্য। কিন্তু এই জাগরণ গত এক যুগেও হয়নি। অথচ ২০১১ সালেও লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে বাংলাদেশে এনেছিল বাফুফে। এরপর থেকে ফুটবলে উন্নতি তো দূরে থাক, উল্টো র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের।
২০১১ সালে আর্জেন্টিনাকে বাংলাদেশে আনতে ৮ কোটি টাকার মতো ঋণ নিতে হয়েছে বাফুফেকে। সেই ঋণের ভার এখনও টানছে বাফুফে। এখনও ৫ কোটিরও বেশি ঋণ পরিশোধ করতে হবে ফুটবল ফেডারেশনকে। এমন অবস্থায় আবারও মেসিদের আনা; এই বিষয়টি মেনে নিতে পারছেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
তিনি জানান, ফুটবল ফেডারেশন বর্তমানে যে আর্থিক সংকটে ভুগছে। সেখানে ১০০ কোটি খরচ করা তো প্রায় অসম্ভব- আসলে যেখানে আমাদের ফুটবল ফেডারেশন অর্থের জন্য চলতে পারছে না। সেখানে এত টাকা দিয়ে এনে (আর্জেন্টিনার বিশ্বকাপ দল) কতটুকু ফুটবলের জন্য ভালো হবে, সে বিষয়ে আমিও আপনাদের মতো সন্দিহান।
আর্জেন্টিনাকে আনবে কীভাবে, কোন প্রক্রিয়ায় আনবে; এটা কিন্তু আমাদের মন্ত্রণালয়ে জানাতে হয়। আমাদের মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কখনও কোনো বিদেশি টিম এখানে আসতে পারে না। সেখানে আমরা এই বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানি না। তাদের অগ্রগতিটা কী, সেটাও আমরা জানি না।
আর্জেন্টিনার মতো দলকে আনতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়। সেখানে আপনাদের কাছে শুনলাম তারা এখনও আলোচনাই করেনি। আমাদের সঙ্গেও কিন্তু এই বিষয়ে অফিসিয়ালি কেউ বসে নাই। যেমন, কবে স্টেডিয়ামের কাজ শেষ হতে পারে?
আমার সঙ্গে তাদের কোনো অফিসিয়াল মিটিং হয়নি। শুধু মৌখিকভাবে আমার সঙ্গে কাজী সালাহ্উদ্দীন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। বলেছিল, যদি জুন-জুলাইতে করা হয় তবে মাঠ দেওয়া যাবে কি না। আমরা বলেছি, যতটুকু করা প্রয়োজন আমরা এর মাঝে করে দেব।’
সোনালীনিউজ/আর
আপনার মতামত লিখুন :