সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০৩:১৯ পিএম
সিরিজ নির্ধারণী ম্যাচে বড় পুঁজি সংগ্রহ শান্তদের

ছবি : সংগৃহীত

ঢাকা: চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরি আর লিটন দাসের বড় পুঁজিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। তবে সেই ধাক্কা সামলে নাজমুল হোসেন শান্তর ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি এবং লিটন দাসের ৭৬ রানের ওপর ভর করে ৮ উইকেটে ২৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে লাল-সবুজের দল।

ব্যাটিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কিউই পেসার উইলিয়াম ও’রোকের বলে খোঁচা মেরে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। নিজের পরের ওভারে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমকেও (১) বোল্ড করেন ও’রোক। তিনে নামা সৌম্য সরকার ৩টি চারে ১৮ রান করে আশার আলো দেখালেও ও’রোকের তৃতীয় শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি। ফলে মাত্র ৩২ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে স্বাগতিকরা।

বিপর্যয়ের মুখে হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেট জুটিতে এই দুই ব্যাটসম্যান যোগ করেন ১৬০ রান। দীর্ঘ ১৯ ইনিংসের খরা কাটিয়ে ৭১ বলে ফিফটি তুলে নেন লিটন দাস। সেঞ্চুরির পথে থাকলেও শেষ পর্যন্ত জেইডেন লেনক্সের ঘূর্ণিতে বোল্ড হয়ে থামেন তিনি। ৯১ বলে ৭৬ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কার মার।

লিটন ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন নাজমুল হোসেন শান্ত। ১১৪ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছোঁয়া শান্ত ৪৩তম ওভারে আউট হওয়ার আগে করেন ১০৫ রান। ১১৯ বলের এই ঝলমলে ইনিংসে ছিল ৯টি চার ও ২টি বিশাল ছক্কার মার। 

শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৮ বলে ২২ এবং তাওহিদ হৃদয়ের ২৯ বলে অপরাজিত ৩৩ রানের কার্যকরী ইনিংসে আড়াইশ পার করে বাংলাদেশ। ৪৯তম ওভারে বেন লিস্টার জোড়া আঘাত হেনে শরিফুল ও তানভীরকে দ্রুত ফিরিয়ে দেন। তবুও ২৬৫ রানের লড়াকু সংগ্রহ নিশ্চিত করেই মাঠ ছাড়ে টাইগাররা।

পিএস

Link copied!