শান্তর সেঞ্চুরি, মুমিনুলের না পাওয়ার আক্ষেপ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৬:৩০ পিএম
শান্তর সেঞ্চুরি, মুমিনুলের না পাওয়ার আক্ষেপ

ছবি : সংগৃহীত

ঢাকা: মুমিনুল হকের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই পাকিস্তানের সাথে টেষ্ট ম্যাচের প্রথম ইনিংসের প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। মুমিনুলের না হলেও সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসাইন শান্ত। প্রথম দিন শেষে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৩০১ রান সংগ্রহ করে।

শুক্রবার (৮ মে) সকালে পাকিস্তান টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়।

ব্যাট করতে নেমে বাংলাদেশের মাহমুদুল হাসান জয় মাত্র ৮ রান করেই মাঠ ছাড়েন। শাহিন শাহ আফ্রিদির বলে আউট হন জয়। জয়ের বিদায়ের পর মাঠে বেশিক্ষণ টিকতে পারেননি অন্য ওপেনার সাদমান ইসলামও। আউট হয়েছেন ১৩ রান করে। হাসান আলীর বলে সাদমান ক্যাচ দিয়েছেন স্লিপের ফিল্ডার সালমান আলী আগাকে। 

সেখান থেকে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। দারুণ খেলে তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। শেষ ৮ টেস্ট ইনিংসে শান্তর ব্যাট থেকে আসে ৪টি শতক।

তবে সেঞ্চুরি করার পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন শান্ত। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। যদিও প্রথম আউট দেয়নি আম্পায়ার। রিভিউ করে শান্তকে ফেরায় সফরকারীরা।

১৩০ বলে গড়া শান্তর ১০১ রানের ইনিংসে ছিল ১২ চার ও ২টি ছক্কার মার। শান্তর বিদায়ে ২০১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মুমিনুল হকের সঙ্গে ১৭০ রানের জুটি।

এরপর  মুমিনুলের সঙ্গী হন মুশফিকুর রহিম। মুশফিককে সঙ্গে নিয়ে সেঞ্চুরির পথে হাটতে থাকেন মুমিনুল। তবে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই ৯১ রান করে হাসান আলীর বলে আউট হন মুমিনুল।

এরপর মুশফিক আর লিটন দাসের উপর ভর করে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে শাহিন আফ্রিদি, মোহাম্মদ আব্বাস আর হাসান আলী ১টি করে উইকেট তুলে নেন।

পিএস

Link copied!