ফাইল ছবি
‘আফ্রিকান ব্রাজিল’-তকমা পাওয়া মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ব্রাজিল। সাম্প্রতিক আসরগুলোয় প্রত্যাশা মেটাতে না পারলেও, কার্লো আনচেলত্তির বর্তমান স্কোয়াড ফুটবলভক্তদের নতুন আশা দেখাচ্ছে। একই সঙ্গে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ নিয়ে বড় প্রত্যাশা থাকলেও, শুরুতেই বড় ধাক্কা খেলেন নেইমার জুনিয়র। প্রথম ম্যাচে তাঁর মাঠে নামা হচ্ছে না।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য বিশ্বকাপের স্কোয়াডেই যুক্ত হয়েছিলেন চোটের সংবাদ নিয়ে। তবে তখন কেবল হালকা ফোলাভাবের কথা জানিয়েছিল নেইমারের ক্লাব সান্তোস। পরে জানা যায়, তাঁর পায়ের কাফের পেশি ছিঁড়ে গেছে। তা থেকে সেরে উঠতে নিয়মিত কাজ করছেন নেইমার। কিন্তু পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ না দেওয়ায় প্রথম ম্যাচ নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটাই এখন সত্যি হতে যাচ্ছে।
আজ শনিবার দিবাগত রাত ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সেলেসাওরা। তবে সেই ম্যাচে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে (৭৯ গোল) না পাওয়ার বিষয়টি ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নিশ্চিত করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল বস বলেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে বলে আশা করা হচ্ছে।’
একই সঙ্গে সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকাকে দলে নেওয়ার কারণও পুনরায় ব্যাখ্যা করেছেন আনচেলত্তি, ‘নেইমারকে আমরা শুধু তার ফুটবল প্রতিভার জন্য দলে নিইনি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার অভিজ্ঞতার কারণেও ডেকেছি। সে আমাদের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা এবং উদাহরণ হতে পারে।’
জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে পা রাখলেও এখনো পুরোপুরি অনুশীলন করছেন না নেইমার। সতীর্থদের সঙ্গে বল নিয়ে হালকা অনুশীলন করলেও তা ছিল রানিং শু পরে, পায়ে এখনো বুট তোলেননি। এ ছাড়া ফিজিওথেরাপিতেই বেশিরভাগ সময় কাটছে তাঁর। গত বৃহস্পতিবার রাতে জিমে শারীরিক অনুশীলনের কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন সান্তোস তারকা। তবে তাঁর আগেই বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে যে ডাগআউটে বসে কাটাতে হবে, তা এখন নিশ্চিত।
এসএইচ
আপনার মতামত লিখুন :