ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:১৩ এএম
ইংল্যান্ডকে রখে দিয়ে ঘানার স্বস্তির ড্র

ছবি : সংগৃহীত

ঢাকা: আন্ডারডগ হিসেবে মাঠে নেমেও উজ্জীবিত ফুটবলে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ঘানা। হ্যারি কেইনদের আক্রমণের চাপ সামলে গোলপোস্ট অক্ষুণ্ণ রেখেছে দলটি। আর তাতেই মহামূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ঘানা।

বস্টন স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।দুই ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড শীর্ষে, ঘানা দুইয়ে আছে। এক ম্যাচ করে খেলা পানামা ও ক্রোয়েশিয়া এখনও পয়েন্ট পায়নি।ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলানোয় ব্যস্ত ছিল ঘানা। প্রথমার্ধে প্রায় ৮৮ শতাংশ সময় বল নিয়ন্ত্রণে রেখেও প্রতিপক্ষের গোলমুখে কোনো কার্যকর আক্রমণ শাণাতে পারেনি ইংল্যান্ড। ননি মাদুয়েকে ডান প্রান্তে কিছুটা গতি ছড়ালেও অন্য প্রান্তে অ্যান্থনি গর্ডন ছিলেন একেবারেই নিষ্ক্রিয়। বিরতির পর মাঠের লড়াইয়ে আধিপত্য বাড়াতে বুকায়ো সাকা, ইবেরেচি এজে ও মরগান রজার্সদের মাঠে নামান টুখেল।

ম্যাচের ৬৮ মিনিটে মাঠে ছড়ায় তীব্র বিতর্ক; ঘানার বদলি ফরোয়ার্ড প্রিন্স আডুকে বক্সের বাইরে ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ফাউল করলেও রেফারি উল্টো ইংল্যান্ডের পক্ষে ফ্রি-কিকের নির্দেশ দেন। রেফারি কোনো কার্ড না দেখানোয় ভিএআর এই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেনি।

তবে ম্যাচের আসল নাটকীয়তা রূপ নেয় ৮৬ মিনিটে। প্রথমে সাকার বাঁকানো শট ঘানার গোলরক্ষক আসারে ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন। ঠিক তার পরের মিনিটে রিস জেমসের ক্রস থেকে বদলি খেলোয়াড় নিকো ও’রেইলির হেড ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতি বলে মাত্র সাত গজ দূর থেকে গোল করার একদম নিশ্চিত সুযোগ পেয়েও বল আকাশে ভাসিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন। শেষ পর্যন্ত কার্লোস কুইরোসের ডিফেন্সিভ মাস্টারক্লাসের কাছে পয়েন্ট হারিয়েই মাঠ ছাড়তে হয় ইংল্যান্ডকে। এই ড্রয়ের সুবাদে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো ঘানা।

এসআই

Link copied!