ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০১:০১ পিএম
ভূমিকম্পে পরিবার হারানো শিশুর স্বপ্ন পূরণ করলেন রোনালদো

ফাইল ছবি

বিশ্বকাপ জ্বরে এখন কাঁপছে পৃথিবী। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে মাতোয়ারা  থাকার কথা ছিল আন্দ্রেস মিয়েলেসেরও। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস, এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন ১০ বছর বয়সী শিশুটি।

আন্দ্রেসের এমন পরিস্থিতির জন্য দায়ী ভেনেজুয়েলায় হয়ে যাওয়া দুটি শক্তিশালী ভূমিকম্প। অনেকের মতো যার জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। ভূমিকম্পে পুরো পরিবার হারানো আন্দ্রেস নিজের এক পা হারিয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এমন কঠিন সময়ে আন্দ্রেসের চাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর একটি স্টিকার। প্রিয় খেলোয়াড়ের স্টিকারটি বিশ্বকাপের অ্যালবামে সাজিয়ে রাখবেন। শিশুটির চাওয়া কোনোভাবে পৌঁছে যায় পর্তুগিজ কিংবদন্তির কাছে। ইচ্ছা পূরণে শিশুটির কাছে একটি ভিডিও বার্তা পাঠান রোনালদো।

স্টিকারটি ইতিমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। সঙ্গে নিজের সই করা একটি জার্সিও পাঠিয়েছেন ৪১ বছর বয়সী স্ট্রাইকার। তার পাঠানো উপহার পাওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছেন সাংবাদিক গ্যাবি আরোচার। 

ভিডিও বার্তায় আন্দ্রেসকে নিজের একটি ম্যাচ দেখতে আসার জন্য বলেছেন রোনালদো। ‘সিআর সেভেন বলেছেন, ‘হ্যালো আন্দ্রেস, তুমি কেমন আছো? তোমাকে ভালোবাসা পাঠানোর জন্যই ভিডিওটি করেছি।

জানি, তুমি আমার খুব বড় ভক্ত। দ্রুত সুস্থ হয়ে ওঠো। আমি চাই তুমি আমার একটা ম্যাচ দেখতে আসো। একসঙ্গে উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় রইলাম। সাহস রেখো বন্ধু।’

পা হারানো ছোট্ট আন্দ্রেসের স্বপ্ন পূরণ করায় এখন প্রশংসায় ভাসছেন রোনালদো। মানবিকতার হাত বাড়ানো অবশ্য এবারই প্রথম নয় তার। আগেও অনেকবার এমন কাজ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী।

এসএইচ 
 

Link copied!