৫ সিনিয়র ক্রিকেটার নিয়ে তামিমের জরুরি সভায় কী নিয়ে আলোচনা হলো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ১১:১৬ এএম
৫ সিনিয়র ক্রিকেটার নিয়ে তামিমের জরুরি সভায় কী নিয়ে আলোচনা হলো

সংযুক্ত আরব আমিরাত থেকে ব্যর্থ এক যাত্রা শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবারের ব্যর্থতা অন্য যে কোনো ব্যর্থতার চেয়ে বড় করেই দেখা হচ্ছে, কারণ দলটি আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হওয়া এক ত্রিদেশীয় সিরিজ থেকে ফিরেছে কোনো ম্যাচ না জিতেই। ঠিক এই সংকটের সময়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার পথ খুঁজতে বৈঠকে করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

তামিমের এই সভায় তার সঙ্গে ছিলেন ৫ সিনিয়র ক্রিকেটার। সঙ্গে ছিল জাতীয় দলের নির্বাচক প্যানেল আর টিম ম্যানেজমেন্টও। এই আলোচনায় সবচেয়ে বড় বিষয় ছিল দলের সাম্প্রতিক পারফর্ম্যান্স। সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্ব পেয়েছে এই বৈঠকে।

বৈঠকে হাজির ৫ ক্রিকেটার ছিলেন- লাল বলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদা বলের অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের নির্বাচকরা, টিম ম্যানেজার, কোচ মোহাম্মদ সালাহউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

বৈঠকের আগে ধারণা করা হচ্ছিল ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতার কারণে এখানে ক্রিকেটারদের তোপের মুখে পড়তে হবে। যদিও সেখানে তেমন কিছুই হয়নি। তামিম এখানে জানতে চেয়েছেন দলকে আরও ভালো অবস্থানে নেওয়া যায় কী করে। ক্রিকেটাররা তাদের নিজস্ব মতামত দিয়েছেন।

বাংলাদেশের সামনে অবশ্য বেশ ব্যস্ত সময়। উইন্ডিজের বিপক্ষে ২ টেস্টের সিরিজ খেলে সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হবে দলটিকে। সেখানে আছে আরও ২ টেস্ট, সঙ্গে সাদা বলের ২ সিরিজও। উইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকা ২ সিরিজই বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা-না খেলায় বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। ঠিক সে কারণে মাঠের পারফর্ম্যান্স তো বটেই, মাঠের বাইরে পরিকল্পনাতেও ভালো মনোযোগ দিয়েছে বিসিবি।

এম

Link copied!