বিদায় নিয়েও ৩১৬ কোটির বেশি টাকা পাচ্ছে ব্রাজিল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ১০:১৯ এএম
বিদায় নিয়েও ৩১৬ কোটির বেশি টাকা পাচ্ছে ব্রাজিল

বিশ্বকাপে প্রত্যাশার তুলনায় অনেক আগেই থেমে গেছে ব্রাজিলের যাত্রা। শেষ ষোলো থেকে বিদায় নেয়ায় মাঠের সাফল্যের স্বপ্ন ভেঙেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে আর্থিক দিক থেকে খুব একটা হতাশ হতে হচ্ছে না ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ)। ফিফার নির্ধারিত পুরস্কার কাঠামো অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা ঘরে তুলছে ব্রাজিল।

ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, শেষ ষোলো থেকে বিদায় নেয়া প্রতিটি দল পাবে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। এর বাইরে বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণকারী সব দলকে আরও ১ কোটি ৫ লাখ মার্কিন ডলার দেয়া হচ্ছে। এই অর্থের মধ্যে ১৫ লাখ ডলার দলগুলোর প্রস্তুতি ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

ফলে অংশগ্রহণ ভাতা ও শেষ ষোলো পর্যন্ত ওঠার পুরস্কার মিলিয়ে ব্রাজিলের মোট প্রাপ্তি দাঁড়াচ্ছে ২ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময় মূল্য প্রায় ১২৪ টাকা ধরে এর পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১৬ কোটি ২০ লাখ টাকা।

এবারের বিশ্বকাপে পুরস্কারের অর্থও আগের যেকোনো আসরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ফিফা। সংস্থাটি মোট ৭২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে বিতরণ করছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ১৫ কোটি ৮০ লাখ টাকার সমান। এই অঙ্ক ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।

শিরোপাজয়ী দল এবার পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬২০ কোটি টাকা। রানার্সআপ দলের জন্য বরাদ্দ রয়েছে প্রায় ৪৭৫ কোটি টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে প্রায় ৪১৮ কোটি টাকা এবং চতুর্থ স্থান অধিকারী দলের প্রাপ্তি হবে প্রায় ৩৮৯ কোটি টাকা।

মাঠের পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও বিশ্বকাপ থেকে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ নিয়ে দেশে ফিরছে ব্রাজিল। এই অর্থ ভবিষ্যতে জাতীয় দলের প্রস্তুতি, বয়সভিত্তিক ফুটবলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

এম

Link copied!