জোড়া অ্যাসিস্টের পর নিজেও করলেন গোল, লিওনেল মেসির স্মরণীয় সমাপ্তি

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৭:৩৯ এএম
জোড়া অ্যাসিস্টের পর নিজেও করলেন গোল, লিওনেল মেসির স্মরণীয় সমাপ্তি

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিতেও নিজের অবিশ্বাস্য ফুটবল জাদুর চূড়ান্ত স্বাক্ষর রেখে গেলেন লিওনেল মেসি। সতীর্থদের দিয়ে দুটি গোল করানোর পর এবার নিজেই গোল উৎসবে মাতলেন এই ফুটবল রাজপুত্র। মহাতারকার বিদায়ী উপহারে বেনিনকে ৩-০ ব্যবধানে হারিয়ে স্মরণীয় এক জয় উদ্‌যাপন করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের হয়ে আকাশী-নীল জার্সিতে মেসির পাশাপাশি এই ম্যাচটি দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্দিও।

দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকোলাস ওতামেন্দি ও নিকো পাজকে দিয়ে দুটি চমৎকার গোল করিয়েছিলেন অধিনায়ক। তবে বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে উপস্থিত হাজার হাজার ভক্তের অপেক্ষা ছিল কেবল একটি মুহূর্তের জন্য—মেসির নিজের গোল!

অবশেষে ম্যাচের শেষভাগে এসে পূরণ হলো সেই স্বপ্ন। পেনাল্টি থেকে বল জালে জড়ান এই ফুটবল জাদুকর। গোলটি হওয়ার পরপরই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে পুরো স্টেডিয়াম।

দেশের হয়ে নিজের বিদায়ী ম্যাচটিকে অ্যাসিস্ট ও গোলের সমন্বয়ে এক অবিস্মরণীয় কাব্যে পরিণত করলেন লিওনেল মেসি। আর এ নিয়ে মেসির গোল দাঁড়াল রেকর্ড ১২৬টি। 

এম

Link copied!