ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকা সফর আর চালিয়ে যাওয়া হচ্ছে না হাসান মাহমুদের। ডান কনুইয়ের চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না বাংলাদেশের এই পেসার। পুনর্বাসনের জন্য তাঁকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পাশাপাশি আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির জন্য হাসানকে প্রস্তুত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুনর্বাসনে মনোযোগ দেওয়ার সুযোগ পেলে পূর্ণ ফিটনেস নিয়ে তিনি মাঠে ফিরতে পারবেন।
আগামী ২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে বাংলাদেশের। এরপর ১, ৪ ও ৭ ডিসেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের শেষ অংশে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই তিন সিরিজেই হাসানকে পাবে না দল।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ওই ম্যাচে দুই দলের ব্যাটিং-বোলিংয়ের পার্থক্য স্পষ্ট হয়ে ওঠে। বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মাঝে হাসানের অনুপস্থিতি দলের পেস আক্রমণে বাড়তি চাপ তৈরি করবে।
দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। দুই ফরম্যাটেই বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য এখনো সাদা বলের সিরিজের দল ঘোষণা করেনি।
এসএইচ