বিদায়ী ম্যাচেও সেলফি বিতর্কে মেসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৯:১৯ পিএম
বিদায়ী ম্যাচেও সেলফি বিতর্কে মেসি

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী রাতটি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন বেনিনের কয়েকজন ফুটবলার। দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে ম্যাচ শেষে মেসির সঙ্গে একটি স্মারক ছবি তুলতে চেয়েছিলেন তাঁরা। তবে এক বেনিন খেলোয়াড়ের সেলফির আবদারে সাড়া না দেওয়াকে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার পর প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান ৩৯ বছর বয়সী এই তারকা। একই সঙ্গে ঘরের মাঠে নিজের শেষ মুহূর্তগুলো উপভোগ করছিলেন তিনি। এ সময় বেনিনের এক খেলোয়াড় মেসির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে তাঁকে সাড়া না দিয়ে সামনে এগিয়ে যান মেসি। সেই মুহূর্তের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পরেই শুরু হয় আলোচনা-সমালোচনা।

যদিও ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের প্রতি মেসির আচরণ ছিল যথেষ্ট সম্মানজনক। ম্যাচের দশম মিনিটে তাঁকে সম্মান জানাতে দর্শকেরা দাঁড়িয়ে করতালি দিলে বেনিনের খেলোয়াড়দের সঙ্গেও আলিঙ্গন ও করমর্দন করেন তিনি।

তবে শেষ মুহূর্তের সেলফি না তোলার বিষয়টিকে কেন্দ্র করে একাংশের মতে, মেসির আচরণে নম্রতার অভাব ছিল। তাঁদের যুক্তি, বিদায়ী ম্যাচের অংশ হওয়া প্রতিপক্ষ ফুটবলারকে কয়েক সেকেন্ড সময় দেওয়া উচিত ছিল।

বিতর্ক উসকে দিয়ে মেক্সিকান একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, আফ্রিকান খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলতে চাননি মেসি। এর পর থেকেই প্রতিক্রিয়া দুভাগে বিভক্ত হয়ে পড়ে। সমালোচকদের কেউ কেউ মেসির বিরুদ্ধে অহংকার ও বর্ণবাদের অভিযোগ তোলেন।

তবে মেসির সমর্থকেরাও পাল্টা জবাবে বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন। তাঁদের মতে, বিদায়ী অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় তখন মাঠের ভেতর আলাদাভাবে ছবি তোলার সুযোগ ছিল না এবং পরবর্তীতে তাঁদের ছবি তোলার কথা জানানো হয়েছিল।

মেসি কেন ওই নির্দিষ্ট মুহূর্তে সেলফির আবদারে সাড়া দেননি, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে বিদায়ের আবেগঘন স্মৃতির পাশাপাশি এই ঘটনাটি একটি নতুন বিতর্কের জন্ম দিল।

এসএইচ 

Link copied!