কারাগারে থাকা প্রার্থীর পক্ষে মেয়ের ব্যতিক্রমধর্মী জনসংযোগ

  • বরিশাল অফিস | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:২৪ পিএম
 কারাগারে থাকা প্রার্থীর পক্ষে মেয়ের ব্যতিক্রমধর্মী জনসংযোগ

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাপার প্রেসিডিয়াম সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপু দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন।

তার পক্ষে ব্যতিক্রমধর্মীভাবে নির্বাচনী জনসংযোগ চালাচ্ছেন প্রার্থীর একমাত্র মেয়ে হাবিবা কিবরিয়া। বিভিন্ন রাজনৈতিক হয়রানীমূলক মামলায় কারাগারে থাকা বাবার মুক্তির জন্য তিনি এ আসনের সর্বস্তরের ভোটারদের কাছে ভোট ভিক্ষা করছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাবিবা কিবরিয়া নিজেকে একজন অসহায় মেয়ে হিসেবে উপস্থাপন করে হয়রানীমূলক মিথ্যা মামলা থেকে বাবাকে কারাগার থেকে মুক্ত করতে লাঙ্গল মার্কায় ভোটের আবেদন করেন।

সাধারণ ভোটাররা হাবিবা কিবরিয়ার ব্যতিক্রমধর্মী এই জনসংযোগ দেখে অনেকটা আপ্লুত হয়েছেন।

হাবিবা কিবরিয়া বলেন, “আমার বাবা একা জেলে থাকলেও তার পক্ষে পুরো পরিবার, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বরিশাল-৩ আসনের সাধারণ ভোটাররা রাজপথে রয়েছেন। এই নির্বাচন শুধু ভোটের নয়, এটি ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই।”

নেতাকর্মীরা জানান, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ গোলাম কিবরিয়া টিপুকে পুনরায় নির্বাচিত করে কারামুক্ত করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

এসএইচ 


 

Link copied!