মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা

  • ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৭:১৩ পিএম
মেডিকেলে চান্স পাওয়া স্বর্ণকলির চার প্রাক্তন শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীর শিশু শিক্ষা প্রতিষ্ঠান স্বর্ণকলি বিদ্যাসদনের চার প্রাক্তন শিক্ষার্থী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় প্রতিষ্ঠানটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবে তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধিত চার শিক্ষার্থী সোমবার (২ ফেব্রুয়ারি) স্বর্ণকলি বিদ্যাসদনে উপস্থিত হলে স্কুলের বর্তমান শিক্ষার্থীরা তাদের ফুলবরণে সিক্ত করে। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক সূচনায় মঞ্চে ডেকে স্বর্ণকলির পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট, ফুল এবং উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং বর্তমান শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে সংবর্ধনা প্রদান ও কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সংবর্ধিত চার শিক্ষার্থী হলেন ইসরাত জাহান সুচি, উলফাত জাহান তামান্না, আসফা আহমেদ অহনা এবং মাহফিল হাসান আনন্দ। তারা এ বছর যথাক্রমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, ঢাকা; পাবনা মেডিক্যাল কলেজ, পাবনা; স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ, ঢাকা এবং মাগুরা মেডিক্যাল কলেজে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মনিরুল ইসলাম বাবু। অনুষ্ঠান সমন্বয় ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামুসুন্নাহার লিপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, কলেজ শিক্ষক ও সংবর্ধিত শিক্ষার্থী আসফা আহমেদ অহনার পিতা আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা, কলেজ শিক্ষক মোতাহার হোসেন মিলু, কলের গানের পরিচালক মানিক মন্ডলসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের অঙ্কন শিক্ষক তানহা ইসলাম শিমুল।

স্বর্ণকলি বিদ্যাসদনের ২৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ উৎসবে চার শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

এসএইচ 

 

Link copied!