যশোরে মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত

  • যশোর প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০১:২১ পিএম
যশোরে মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত

ছবি: প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলার বালুন্দা গ্রামে মাটি কাটার সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে উপজেলার দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন আব্দুল বারেকের ছেলে জাকির হোসেন এবং নুজ্জাকের ছেলে আব্দুল কাদের। উভয়েই পেশায় মাটি কাটা শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় আনুমানিক দেড় হাত গভীরে কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ বোমাটি বিস্ফোরিত হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুই শ্রমিকেরই অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তারা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার সোনালি নিউজকে জানান, পূর্ব থেকে পুঁতে রাখা ককটেল বিস্ফোরণে দুইজন আহতের খবর শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষতিপূরণের কাজ করছে এবং তদন্ত চলছে, এটি কি পরিকল্পিত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

এসএইচ 

 

Link copied!