জামায়েত-এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা

  • ‎সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০২:৫৪ পিএম
জামায়েত-এনসিপিকে সমর্থন দিয়ে খেলাফত মজলিসের প্রার্থীদের সরে দাঁড়ানোর ঘোষণা

ফাইল ছবি

জামায়াত ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের সমর্থন দিয়ে নারায়ণগঞ্জের দুটি আসনে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনের নির্বাচনী পথসভায় এসে এ ঘোষণা দেন দলটির আমির আল্লামা মামুনুল হক।

ঘোষণা অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সিদ্ধিরগঞ্জ–সোনারগাঁও) আসনে জামায়াত ইসলামির প্রার্থী ড. মো. ইকবাল হোসেন এবং নারায়ণগঞ্জ–৪ (ফতুল্লা) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিনকে সমর্থন দেবে খেলাফত মজলিস। এ দুটি আসনে দলটির মনোনীত প্রার্থীরা ছিলেন যথাক্রমে শাহাজাহান শিবলী ও খন্দকার আনোয়ার হোসেন।

পথসভায় আল্লামা মামুনুল হক বলেন, নারায়ণগঞ্জ–৩ আসনে জোটগত একক প্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া। সেখানে খেলাফত মজলিসের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনা কম। নিরপেক্ষ জরিপে জামায়াতের প্রার্থীই বেশি সম্ভাবনাময় হিসেবে উঠে এসেছে। তাই বৃহত্তর স্বার্থে ওই আসনে খেলাফত মজলিসের প্রার্থী সরে দাঁড়াচ্ছেন।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ–৪ আসনে ১১–দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নির্বাচন করবেন জুলাইযোদ্ধা আবদুল্লাহ আল আমিন। এ ক্ষেত্রেও বৃহত্তর স্বার্থে খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য, সহনশীলতা ও আনুগত্যের সঙ্গে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিনসহ সংশ্লিষ্ট দলের নেতারা।
 

এসএইচ 

Link copied!