মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত: পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

  • পাবনা প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:০৫ পিএম
মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত: পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের

ছবি : প্রতিনিধি

পাবনা: পাবনায় বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অন্যদিকে মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের নাম জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ, সংবাদ সম্মেলন করেছের জেলা বিএনপি নেতারা।

রোববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা শহীদ চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় বক্তব্য দেন, পাবনা পৌর জামায়াতের আমির আব্দুল লতিফ, পাবনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

মুক্তিযোদ্ধা ও জামায়াত নেতা রমজান আলীকে আহত করার ঘটনায় বিএনপি প্রার্থীর মদদ রয়েছে অভিযোগ করে জামায়াত নেতারা বলেন, বিএনপির সন্ত্রাসীরা জনগণের সাড়া না পেয়ে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করছে। অতি দ্রুত  সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। না হলে আরো কঠোর কর্মসূচি দিয়ে পাবনাকে অচল করে দেয়া হবে। পরে মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় জেলা প্রশাসন ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি শেষ করেন তারা।

এদিকে, মুক্তিযোদ্ধা জামায়াত নেতা রমজানকে আহত করার ঘটনায় বিএনপি নেতাকর্মী ও পাবনা সদর আসনের বিএনপি প্রার্থী শিমুল বিশ্বাসের নাম জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

একইদিন দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।

সেখানে মুক্তিযোদ্ধাকে আহত করায় দু:খপ্রকাশ করে বিএনপি নেতারা বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে রমজান ও রায়হানের মধ্যে মারামারি হয়েছে। তার উপর হামলার ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। রায়হান নামে যার কথা বলা হয়েছে সে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ নয়। বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত জেনে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে জামায়াতের প্রার্থী ও তাদের কর্মীরা ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনের আগ মুহুর্তে এসে বিএনপি ও প্রার্থীর নাম জড়িয়ে মিথ্যা অভিযোগ তুলে নির্বাচন বানচাল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পাবনা-৫ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, আনিসুল হক বাবু, শেখ তুহিন, নুর মাসুম বগা, সাবির হাসান বাচ্চু, জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা সহ অনেকে।

উল্লেখ, শনিবার রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরের চর শিবরামপুরে বীরমুক্তিযোদ্ধা রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির ও পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইনের অভিযোগ, বিএনপি প্রার্থীর সন্ত্রাসী বাহিনী রায়হান নামের এক বিএনপি নেতা মুক্তিযোদ্ধা জামায়াত নেতা রমজান আলীকে মসজিদ থেকে ধরে নিয়ে কুপিয়ে আহত করেছে।

পিএস

Link copied!