চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় গৃহবধূকে ‘তালাক’

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় গৃহবধূকে ‘তালাক’

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বামীর নিষেধ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে তারাফুল খাতুন নামে এক গৃহবধূকে তালাক দেওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) শিবগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের শেখটোলা তর্তিপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে। তারাফুল খাতুনের স্বামী সৈবুর রহমান স্থানীয় বিএনপির কর্মী। দম্পতির সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, সন্তানদের সঙ্গে তারাফুল খাতুন এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। রবিবার (১৫ ফেব্রুয়ারি) তারাফুল খাতুন জানান, ভোটকেন্দ্রে যাওয়ার সময় স্বামী তাকে বলেছেন ‘সব ঠিক থাকে যেন’। তবে তিনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন। আগে জামায়াতের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়টি স্বামী জানতেন। কিন্তু স্থানীয়দের কথার প্রভাবেই তিনি তাকে তালাক দিয়েছেন।

তারাফুলের ছেলে তারিফ হোসেন বলেন, বর্তমানে তারা ফুফুর বাড়িতে আছে। স্বামী পরে নিজের ভুল স্বীকার করেছেন, তবে তার মা সংসারে ফিরে যেতে চান না।

সৈবুর রহমান বলেন, রাগের মাথায় ভুল করে তালাক দিয়েছি, এখন তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। জামায়াতের শিবগঞ্জ পৌর নায়েবে আমীর আব্দুল আজিজ মাহমুদ বলেন, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে তালাক পাওয়া তারাফুল খাতুনের সব প্রয়োজনে দল পাশে থাকবে।

এসএইচ 
 

Link copied!