ঈদের নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া, জামাত সকাল ১০টায়

  • কিশোরগঞ্জ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০৪:০০ পিএম
ঈদের নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া, জামাত সকাল ১০টায়

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ: শেষ হয়ে যাচ্ছে রমজান মাস। আর মাত্র একদিন বা দুই দিন পর আকাশে দেখা যাবে শাওয়াল মাসের চাঁদ। পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের প্রধান আকর্ষণ ঈদগাহে নামাজ। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের দিন সকাল ১০টায় এই মাঠে নামাজ অনুষ্ঠিত হবে।

শোলাকিয়া মাঠে ইতোমধ্যে নামাজের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবার জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

প্রতি বছর কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদের জামাতকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। এবারও স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের কথা বিবেচনায় রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ মাঠে ঈদের একটি মাত্র জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা এ মাঠে নামাজ আদায় করে আসছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, ‘শোলাকিয়া মাঠে মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহ পর্যবেক্ষণের জন্য ছয়টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা ও ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহরসহ ঈদগাহ মাঠ।’

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘প্রতিবারের মতো এবারও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন ময়মনসিংহ ও ভৈরব থেকে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। ঈদগাহে আগত মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে।’

পিএস

Link copied!