৮ মাসে ৫০০ ব্যাগ রক্তদান: রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের মানবিক সাফল্য

  • নওগাঁ প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৮:১৩ পিএম
৮ মাসে ৫০০ ব্যাগ রক্তদান: রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের মানবিক সাফল্য

ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এক অনন্য মানবিক অর্জনের সাক্ষী হয়েছে স্থানীয়রা। মাত্র ৮ মাসের পথচলায় ৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’।

২৬শে মার্চ স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে এই কৃতিত্ব অর্জন করে সংগঠনটি। তাদের নিজস্ব ডাটাবেজ ও ওয়েবসাইট (

(http://www.raninagar.org)) ব্যবহার করে রক্তদাতাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। ওয়েবসাইটে বর্তমানে ৮০০-এরও বেশি নিবন্ধিত স্বেচ্ছাসেবী রক্তদাতা রয়েছেন, যাদের মাধ্যমে জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পাওয়া সম্ভব।

সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয় ১২ আগস্ট ২০২৪ থেকে। দীর্ঘ প্রস্তুতির পর ২৫ জুলাই ২০২৫ আনুষ্ঠানিকভাবে এটি আত্মপ্রকাশ করে। মানবিক এই উদ্যোগে নিরলস কাজ করছেন একঝাঁক উদ্যমী তরুণ। উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিচ্ছেন রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান।

সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মাহীদ বলেন, আমাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে মানুষের জীবন বাঁচানো। ৮০০+ জন নিবন্ধিত রক্তদাতা এবং ৫০০ ব্যাগ রক্তদান মানুষের আস্থার প্রতিফলন। আমরা চাই এই কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে।

সহ-প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মুন্না আহমেদ প্রাং বলেন, রক্তদান একটি জীবনদান। আমরা অরাজনৈতিকভাবে মানবিক সেবাকে সামনে রেখে কাজ করছি। আজকের ৫০০ ব্যাগ রক্তদানের মাইলফলক আমাদের দায়িত্ব আরও বাড়িয়েছে।

সংগঠনটি বর্তমানে নওগাঁ জেলার আত্রাই ও রাণীনগর উপজেলাকে কেন্দ্র করে কাজ করছে। রক্তদানের পাশাপাশি শিক্ষা, পরিবেশ ও দুস্থদের সহায়তায় বিভিন্ন সামাজিক প্রকল্পেও তারা সক্রিয়। ভবিষ্যতে দেশের সব রক্তদাতা ও গ্রহীতাকে এক প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণদের প্রযুক্তিনির্ভর ও গঠনমূলক এই উদ্যোগ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএইচ 

Link copied!