মিরাজকে নিয়ে জাকির নায়েকের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১০:৪২ পিএম
মিরাজকে নিয়ে জাকির নায়েকের পোস্ট, মুহূর্তেই ভাইরাল

বাংলাদেশ ক্রিকেট ও ধর্মীয় অঙ্গনের দুই আলোচিত ব্যক্তিত্বকে ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ড. জাকির নায়েক ও মেহেদী হাসান মিরাজ–এর একটি ছবি ঘিরে মুহূর্তেই ভাইরাল হয়েছে ফেসবুক।

বৃহস্পতিবার বিকেলে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ‘ইন্টারঅ্যাকশন উইথ মুসলিম স্পোর্টসম্যান’ শিরোনামে একটি ছবি শেয়ার করেন ড. জাকির নায়েক। ছবিতে দেখা যায়, বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন। তবে প্রথম পোস্টে একটি বিভ্রান্তি তৈরি হয়—সেখানে মিরাজের নামের জায়গায় ভুল করে লেখা হয়েছিল নাজমুল হোসেন শান্ত।

ভুলটি নজরে আসার পর অল্প সময়ের মধ্যেই পোস্টটি সরিয়ে ফেলা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সংশোধিত তথ্যসহ একই ছবি আবার পোস্ট করেন তিনি। নতুন পোস্টে সঠিকভাবে মেহেদী হাসান মিরাজের নাম উল্লেখ করা হয়, যা দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত ড. জাকির নায়েকের সঙ্গে এই সাক্ষাৎ কোথায় হয়েছে, সে বিষয়ে পোস্টে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে থাকা অবস্থায় মক্কায় তাদের দেখা হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান সিরিজ শেষ করে রমজানের শেষ দশকে ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই সময়েই আলোচিত এই সাক্ষাৎ ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ভক্তরা।

ছবিটি প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া পড়েছে। অল্প সময়েই হাজার হাজার রিঅ্যাকশন, মন্তব্য ও শেয়ারে ভরে ওঠে পোস্টটি, যা আবারও প্রমাণ করে—ক্রিকেট ও ধর্মীয় ব্যক্তিত্বের সংযোগ দর্শকদের কাছে কতটা আগ্রহের বিষয়।

এম

Link copied!