ছবি: প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের ইছেরদাড়ী মোড়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী (এ্যানি)। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কোদাল দিয়ে মাটি কেটে কাজের সূচনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন খাল খনন না হওয়ায় শুধু চুয়াডাঙ্গা নয়, সারা দেশে সেচব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতা বেড়েছে। এতে কৃষি উৎপাদন ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়েছে। তিনি বলেন, অতীতে অনেক খাল দখল হয়ে গেছে, কোথাও লিজ দেওয়া হয়েছে, কোথাও আবাদ করা হয়েছে। এসব দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইছেরদাড়ী মোড় থেকে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ খালটি পুনঃখননে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা। খালের তলদেশের গড় প্রস্থ ৭ মিটার এবং গড় গভীরতা ১ দশমিক ৫ মিটার নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরাসরি প্রায় ৫ হাজার ২০০ মানুষ উপকৃত হবেন।
মন্ত্রী বলেন, কৃষককে বাঁচাতে খাল খনন ও পুনরুদ্ধারের বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খনন কর্মসূচি একটি বড় উদ্যোগ ছিল, যা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। সেই অসমাপ্ত কাজ এখন এগিয়ে নেওয়া হচ্ছে।
খাল খনন ও জলাশয় পুনরুদ্ধারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। এ ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ লুৎফন নাহার, পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, পানি উন্নয়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :